চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট: চ্যাম্পিয়ন শহীদ শাহাজাহান সংঘ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১০:২৮
 
 
 
 
দীর্ঘ ৪২ বছর স্থানীয় ক্রিকেট লিগে লড়াই করার পর অবশেষে শহীদ শাহাজাহান সংঘ জয়ী হলো যুদ্ধে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে শহীদ শাহাজাহান সংঘ চার উইকেটে ঐতিহ্যবাহী রাইজিং স্টার ক্লাবকে হারিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনের মর্যাদাশীল আসর প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলে নিল। আগের দিন শক্তিশালী ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে বিধ্বস্ত করে শিরোপা জয়ের দোরগোড়ায় চলে আসে। 
 
গতকাল রাইজিং স্টার ক্লাবের বিপক্ষে শক্ত বাধা অতিক্রম করে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে শহীদ শাহাজাহান সংঘের খেলোয়াড় ও কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অধীনে চলতি মৌসুমে টি-টুয়েন্টি ক্রিকেটের চ্যাম্পিয়নশীপও অর্জন করেছিল শহীদ শাহাজাহান সংঘ।
 
প্রথমবারের মতো শিরোপা লাভকারী দলটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর জানান, ১৯৭১ সালের রণাঙ্গনের শহীদ দামপাড়া এলাকার সন্তান মো. আবদুল হালিম শাহাজাহানের নামে ক্লাবটির নামকরণ করা হয়। 
 
১৯৭২ সালে সিজেকেএস ক্রিকেট লিগে তালিকাভুক্ত হয় দলটি। সেই থেকে আজ অবধি টানা খেলে আসলেও লিগ চ্যাম্পিয়ন নামের সোনার হরিণটি অধরাই রয়ে যায়। 
 
২০০২ সালে একবার রানার্সআপ হয়েছিল তারা। সেটাই ক্লাবটির ক্রিকেট ক্যারিয়ারে সবচাইতে বড় সাফল্য। অবশেষে ঘুচল সে শিরোপা খরা।
 
এবারের মৌসুম শুরুর আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল শহীদ শাহাজাহান সংঘ। শিরোপা জয়ের স্বপ্নও দেখেছিল তারা। 
 
গতকাল দলের তুর্কীরা সে স্বপ্নকে বাস্তবে রূপ দান করে শেষ পর্যন্ত দলকে ভাসালো উদ্ভাসিত আলোতে। ৭১’র রণাঙ্গনে জীবন উৎসর্গকারী শহীদ আবদুল হালিমকে উত্সর্গ করা হয় দলের এ সাফল্য। সুপার সিক্স পর্বে আরো একটি খেলা রয়েছে শহীদ শাহাজাহান সংঘের। 
 
কাল শনিবার তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আবাহনী লিমিটেডের। এই ম্যাচের জয়-পরাজয়ের কোন হেরফের হবে না চ্যাম্পিয়নশীপ অর্জনের ব্যাপারে। শুধু আনুষ্ঠানিকতার জন্য খেলতে হবে তাদের।