ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ডানকান ফ্লেচারের স্থলে ভারতীয় দলের পরবর্তী কোচ হতে পারেন তিনি।
শীর্ষস্থানীয় একটি ইংরেজী পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) অভ্যন্তরীণ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে গাঙ্গুলির অনানুষ্ঠানিক একটা আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের পরই ডানকান ফ্লেচারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বদলী হিসেবে গাঙ্গুলি তার ইচ্ছের কথা ব্যক্ত করেছেন।
অভ্যন্তরীণ ঐ সূত্র জানায়, ‘ক্রিকেটার হিসেবে এবং কৌশলগত দিক থেকে সৌরভের অর্জন এ ক্ষেত্রে তাকে অনেক এগিয়ে রেখেছে। তবে এ জন্য তাকে আবেদন করতে হবে। তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, তবে ডালমিয়া তাকে কোন নিশ্চয়তা দেননি।’ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নামও শোনা যাচ্ছে।
