ভারতে সংস্কারকদের প্রধান মোদী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১০:৪৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংস্কারকদের প্রধান বলে মন্তব্য করেছেন। টাইম ম্যাগাজিনে লেখা একটি নিবন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী মোদী টাইম ম্যাগাজিনের জরিপে একশ’ প্রভাবশালীর তালিকায় আছেন। গতকাল ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
‘ইন্ডিয়াস রিফর্মার ইন চিফ’ শিরোনামে লেখা নিবন্ধে প্রেসিডেন্ট ওবামা মোদীর সংক্ষিপ্ত জীবন তুলে ধরেন। তিনি মোদীর প্রধানমন্ত্রী হওয়াকে ‘ফ্রম পোভার্টি টু প্রাইম মিনিস্টার (দরিদ্রতা থেকে প্রধানমন্ত্রী)’ বলে উল্লেখ করেন। ওবামার মতে, এই দিকটি ভারতের উত্থানকেই প্রতিফলিত করে। ওবামা লেখেন, মোদী বালক বয়সে চা বিক্রির কাজে বাবাকে সহায়তা করেছেন। সেই মানুষটিই আজ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদী ভারতের মানুষকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী মোদী চরম দরিদ্রতা হ্রাস করা, শিক্ষার মানোন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ভারতের অর্থনীতিকে সত্যিকার অর্থে এগিয়ে নেয়ার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ, লেখেন ওবামা। প্রেসিডেন্ট ওবামা  মোদীর ইয়োগার (যোগব্যায়াম) প্রশংসা করেন। ওবামা গত বছর যুক্তরাষ্ট্রে সফরের সময় শেষ মুহূর্তে মোদীর মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের সমাধি পরিদর্শনকে স্মরণ করে বলেন, মার্টিন লুথার কিং এবং ভারতের মহাত্মা গান্ধীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।