আইসিটি খাতকে করমুক্ত ঘোষণার দাবি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১১:২৪
 
দেশের দারিদ্র্য নিরসন, সম্ভাবনাময় তরুণদের পৃষ্ঠপোষকতা বিশেষত আইসিটি খাতকে আগামী ১০ বছরের জন্য করমুক্ত ঘোষণা এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতি গুরুত্ব দেয়ার জন্য প্রস্তাব করেছে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্য্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। আসছে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে  বুধবার ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস মিলনায়তনে এক প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করে।
 
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) চৌধুরী আমির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম আলোচনা সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবি-এর প্রেসিডেন্ট আবু সাইদ মো. শায়খুল ইসলাম, এফসিএমএ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি সচিব আব্দুর রহমান।
 
সার্বিক উন্নয়নকে বেগবান করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ ও গ্যাস সরবরাহ এবং শিল্পায়নের প্রতি গুরুত্ব আরোপ করে প্রতিষ্ঠানটি। প্রধান অতিথির বক্তব্যে ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, মানব সম্পদ উন্নয়ন এবং নির্ধারিত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতি গুরুত্ব দেন। দেশে বিদ্যমান আয় বৈষম্য দূরীকরণের মাধ্যমে তিনি সমাজের ধনী-গরীবের ব্যবধান কমানোর আহ্বান জানান। একই সাথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আগামী বাজেটে কার্যকর কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।