'খালেদা জিয়া সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন'

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ২০:০৬
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লংঘন করছেন।
 
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।
 
মুজিবনগর দিবসে দেশবাসীকে সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেবে। 
 
তিনি বলেন, তিনটি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেবে।