খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছে বিএনপি। মূলত সুন্দর পরিবেশ দূষিত করার ষড়যন্ত্রে তারা লিপ্ত।’
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রচারণায় মাঠে নামতে না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘তার নির্দেশে আন্দোলনের নামে গত ৯২ দিন ধরে অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে মানুষ আর কোনো সংঘাত দেখতে চায় না।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠুভাবে সিটি নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।’ কামরুল ইসলাম বলেন, ‘যারা মুজিবনগর সরকারকে স্বীকার করতে চান না, তারা বাংলাদেশকে স্বীকার করেন না। বিএনপি সরকারের সময় নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারেনি। বর্তমান সরকারের কারণে দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারছে। এর আগে এই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো হয়নি। তাদের পঙ্গু করে রাখা হয়েছিল।’
আয়োজক সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ড. হোসেন মনসুরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
