জয় দিয়ে শুরু করল বাংলাদেশ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ২৩:৪৯
৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভার দুই বলে ২৫০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ফলে সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। 
 
ইনিংসের প্রথম দিকেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৫৩ রানে আরাফাত সানি পাক শিবিরে আঘাত হানেন। ২৪ রান করে ফিরে যান সরফরাজ আহমেদ। এরপর ছয় রান যুক্ত হতেই রান আউটের ফাঁদে পড়েন হাফিজ। আজহার আলি ও হারিস সোহেলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৭২ রান করে আজহার আলি সাজঘরে ফিরে যান। ২৭.৩ ওভারে তাসকিনের বলে মুশফিকুরের হাতে ক্যাচ দেন তিনি। পাকিস্তান সতর্কতার সাথে এগিয়ে গেলেও ৩১.৫ ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার শিকার করেন হারিস সোহেলকে। তাকে ৫১ রানে পাঠিয়ে দেন মাঠের বাইরে।
 
এর পর একের পর এক উইকেট খুইয়ে বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। পাকিস্তান ইনিংসের শেষ দুই উইকেটে কোন রান যোগ না করেই ফিরিয়ে দেয় টাইগাররা। ফলে দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ।
 
বাংলাদেশি বোলারদের পক্ষে তাসকিন ও আরাফাত সানি তিন টি করে রুবেল ও সাকিব ১টি করে উইকেট তুলে নেয়।
 
এর আগে তামিম ও মুশফিকের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৩২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। 
 
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে বাংলাদেশ।
 
তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সৌম্য সরকার। সৌম্যে পড়েন রান আউটের ফাঁদে। তখন দলীয় রান ৪৮। এরপর মাহমুদুল্লাহ বোল্ড হন মাত্র ৫ রানে।
 
অবিচল দাঁড়িয়ে থাকেন তামিম। তার সাথে যুক্ত হন মুশফিক।  মুশফিক ৭৭ বলে করেন ১০৬ রান। আর তামিম ১৩৫ বলে করেন ১৩২ রান। সাকিব করেন ৪১ বলে ৩১ রাত। এই তিন ব্যাটসম্যানই ওহাব রিয়াজের শিকারে পরিণত হন। তামিম ১৫টি চার ও ৬ ছক্কা হাঁকান। সাকিব ১৩ চার ও ২ ছক্কা মারেন। ২০১৩ সালের পর ওয়ানডেতে এই প্রথম শতক পেলেন তিনি। তামিম ও মুশফিকের ব্যাটের ওপর ভর করেই বাংলাদেশ ৩২৯ রানের বড় সংগ্রহ করে।