নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ০১:৫৩

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সরকারের আমলে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে খারাপ কোনো দৃষ্টান্ত নেই। বিগত ৯টি নির্বাচনের ৭টিতেই তারা নির্বাচিত হয়েছে। তিনি বলেন, বিগত ৯টি নির্বাচনে যখন সেনা মোতায়েনের প্রয়োজন পড়েনি, এবারও সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে বলে মনে করি না। নির্বাচন কমিশন এবারও তিন সিটি করপোরেশন নির্বাচনে স্বাধীনভাবে কাজ করবে, সরকার তাদের সহযোগিতা দেবে।

 
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা এই নির্বাচনে মাঠে নামতে পারছেন না, এখানে সমান সুযোগ কি করে হলো, অন্যদিকে দেখুন তাদের বড় নেত্রী মাঠে নামতে পারছেন। তিনি বলেন, অনিয়ন্ত্রিত অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা না গেলে, নির্বাচনে সত্ ও যোগ্য লোক আসবে না। এক্ষেত্রে নির্বাচন কমিশন অনেকটা ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ক্লাব সভাপতি কলিম সরোয়ার, সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ। এর আগে মন্ত্রী প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যপদ গ্রহণ করেন।   
 

মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশাল স্বপ্ন রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দ্বিধাবিভক্তির শিকার সমাজের কথা তুলে ধরতে গিয়ে বলেন, যেখানে যাই সেখানেই দেখি দেয়াল। সম্পর্কোন্নয়নের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কোথাও ব্রিজ হয় না, খালি দেয়ালই হচ্ছে। এমনকি সাংবাদিকদের মধ্যেও। সেই তুলনায় চট্টগ্রামের পরিবেশ অনেক ভালো। তিনি বলেন, এদেশের মানুষ অন্তত মুক্তিযুদ্ধ, দারিদ্র্য দূরীকরণ এবং সামপ্রদায়িক উগ্রবাদ প্রতিহতকরণের ইস্যুতে এগিয়ে আসতে পারে। জাতীয় ঐক্য গড়তে গণতন্ত্রমনা মানুষদের জন্য এই তিনটি বিষয় ‘কমন প্ল্যাটফর্ম’ হতে পারে।