মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৭:৪৬


মাগুরায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত রফি একটি ডাকাত দলের প্রধান ছিলেন।
তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা রয়েছে।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, শনিবার ভোররাতে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে গাছ সরাতে গেলে ডাকাতরা তাদের দিকে বোমা নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে ডাকাতরা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে আটক করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও গাছ কাটার করাতসহ  বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।