মাত্রই ‘কুইন’ ছবির জন্য জাতীয় পুরস্কার বগলদাবা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কোথায় অন্যান্য অভিনেতারাই কাজ করতে চাইবেন কঙ্গনার সাথে, কিন্তু তা না হয়ে এই অভিনেত্রীই কি-না জানালেন তিনি কাজ করতে চান রণবীর কাপুরের সাথে! সম্প্রতি এক সাক্ষাত্কারে এই ইচ্ছার কথা জানিয়েছেন কঙ্গনা।
বলিউড অভিনেত্রীরা সাধারণত তিন খানের বিপরীতেই কাজ করতে আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কঙ্গনা। অবশ্য এর কারণও ব্যাখ্যা করেছেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি রণবীর কাপুরের সাথে কাজ করতে চাই। তিনিই সর্বপ্রথম যিনি ‘কুইন’ ছবিটিকে সমর্থন করেছিলেন। তিনি যদি আমার সাথে কাজ করতে চান সেটা হবে আমার জন্য অনেক সম্মানের।’
রণবীরের অভিনয়েরও বড় ভক্ত কঙ্গনা বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমি তার অনেক বড় একজন ভক্ত। তিনি খুবই সাবলীল অভিনয় করেন এবং নিজের সেরাটা ঢেলে দিতে এতটুকু কার্পণ্য করেন না।’ তবে রণবীর রাজি হলেই যে দু’জনকে পর্দায় জুটি গড়তে দেখা যাবে তা ভেবে থাকলে ভুলই করবেন! কারণ কঙ্গনা শর্ত জুড়ে দিয়েছেন, ‘আমি কাজ করতে চাই তার সাথে। তবে গল্প-চরিত্রও অবশ্যই আমার পছন্দ হতে হবে!’
