বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বেকারি শ্রমিক খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১২:৩৯


বাগেরহাটে বৈশাখী মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল হাওলাদার (২২) নামে এক বেকারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত দশটায় বাগেরহাট শহরের জেলা পরিষদে বৈশাখী মেলার মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সোহেল বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

নিহতের বড় ভাই সোহাগ হাওলাদার জানান, আমরা দুই ভাই বাগেরহাট শহরের শালতলা মোড়ে পাশাপাশি অবস্থিত দুটি ফাস্ট ফুডের দোকানে কারিগর হিসেবে কর্মরত ছিলাম। শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ হয়ে গেলে আমরা দুই ভাই এক সঙ্গে বৈশাখী মেলায় যাই। মেলায় কিছুক্ষণ ঘোরার পরে আমি ছোট ভাইকে বাড়ি যাওয়ার কথা বললে সে বলে ভাইয়া তুমি চলে যাও আমি পরে আসছি। আমি বাড়ি পৌঁছার কিছু পরেই মেলার মাঠ থেকে আমাকে একজন ফোন করে বলে তোমার ভাই সোহেলের পেটে ছুরি মেরেছে। এই খবর পেয়ে আমি বাড়ি থেকে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রবি নামে এক যুবকের সঙ্গে বিয়ে সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমার পূর্ব বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার ও আমার ভাইয়ের বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে রবি ও তার সঙ্গীরা মেলার মাঠে আমার ভাইকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত বৈশাখী মেলার মাঠে বসে সোহেল নামে এক বেকারি শ্রমিককে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।