বার কাউন্সিল নির্বাচন ২০মে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৬:৪২
আগামী ২০ মে বুধবার হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪’শ ৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 
 
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুরসহ দেশের ১২ উপজেলা পর্যায়ে দেওয়ানি আদালত অঙ্গণের ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
 
নির্বাচনী তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়। 
 
বার কাউন্সিলের চেয়ারম্যান ও এটর্নি জেনারেল মাহবুবে আলম স্বাক্ষরিত বার কাউন্সিলের এ সাধারণ নির্বাচনের তফসিল গত ২৫ মার্চ ঘোষণা করা হয়। বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের এটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বাকী ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৪ জন সদস্যের মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে ৭ জন নির্বাচিত হবেন।
 
তফসিল অনুযায়ী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন সংক্রান্ত আপত্তি শুনানির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করে দেয়া হয়েছে। এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন-সিনিয়র এডভোকেট বিচারপতি মো.হাবিবুল ইসলাম ভুঁইয়া। এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান ও এডভোকেট মো: মোস্তফা ।