রাজধানীর ধামরাইয়ে দুটি বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদরের নারীকুল গ্রামের মানু মিয়া (৪৫), তার স্ত্রী (৩০), ছেলে সাজিদ (২) ও গাড়িচালক ফারুক হোসেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেছেন, শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথূলী এলাকায় যাত্রীবাহী একটি প্রাইভেটকার ঢাকা ও মানিকগঞ্জমুখী দুটি বাসের মাঝে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচ জন প্রাইভেটকার আরোহী।
তিনি জানান, আহত বেশ কয়েকজনকে সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
