১৬ বছর পর সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। তাই এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিষ্পত্তি করতে চায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বেলা আড়াইটায়।
টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমাদের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের দারুণ একটি সুযোগ এসেছে। গতকালের ম্যাচটি পারফেক্ট ছিলো আমাদের জন্য। আমার কাছে মনে হয়, কোথাও বড় কোনো ভুল ছিলো না। তবে বোলিংটা আরো একটু ভালো হতে পারতো। আমার মনে হয়, যে উইকেটে খেলা হয়েছে, সেখানে দু’দলই ৩০০-এর উপরে করতে পারতো। তারপরও আমার মনে হয় ম্যাচটি পারফেক্ট। তবে এ রকম প্রতি ম্যাচেই খেলা সম্ভব না। এ রকম খেলতে পারলে যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় জেতা সম্ভব; জেতা সম্ভব মানে জেতাই যায়। আশা করছি, ইনশাল্লাহ আগামীকালের ম্যাচে যদি আমরা গতকালের মতো ভুল কম করে খেলতে পারি, তবে জেতার সুযোগ থাকবে।’
