‘আমাকে একবার মেয়র নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব।’ এমন আবেদন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
শনিবার সকাল থেকে হাজারীবাগ এলাকার ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড ও কামরাঙ্গীরচর এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী। এ সময় তার সঙ্গে গণসংযোগে অংশ নেন হাজী সেলিম এমপি।
উল্লেখ্য, মেয়র পদে নির্বাচন করার জন্য হাজি সেলিম এমপি মনোয়নপত্র কিনলেও পরে তা জমা দেননি।
নির্বাচনী পথসভায় সাঈদ খোকন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, তাই এটি আমার ব্যক্তিগত মনোনয়ন নয়। এটা আপনার-আমার পুরো ঢাকাবাসীর মনোনয়ন।’
কামরাঙ্গীচর এলাকার উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই এলাকায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অনেক উন্নয়ন করেছেন। আমাকে নির্বাচিত করুন, মন্ত্রী ও মেয়র মিলে এই এলাকাকে আরো উন্নত করব।’
সকাল সাড়ে ১০টায় হাজারীবাগ ঝাউচর বড় মসিজদের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এরপর কামরাঙ্গীচরের ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশ নেন সাঈদ খোকন।
