রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- আদাবরে মুক্তা বেগম (২৫), তেজগাঁওয়ে আলতাফ হোসেন (৪০) ও শেরেবাংলা নগরে মৌসুমী হালদার মৌ (২৪)। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
মৃত মুক্তার চাচা দীন মোহাম্মদ জানান, মুক্তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর থানার খোয়াবপুর গ্রামে। বর্তমানে তিনি আদাবরে কাশেম সাহেবের বাড়িতে থাকতেন। তার মানসিক সমস্যা ছিল। মুক্তার স্বামী ইকবাল হোসেন কারওয়ান বাজারে একটা হোটেলে কাজ করেন। গত শুক্রবার রাতে তার ডিউটি থাকায় আদাবরের বাসায় মুক্তা একাই ছিলেন। রাতের কোনো এক সময় সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
তেজগাঁও থানার এসআই রাজিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে পশ্চিম তেজতুরী বাজারের হালিম কমিউনিটি সেন্টার সামনের রাস্তা থেকে আলতাফ হোসেনের লাশ উদ্ধার করা হয়। তিনি হালিম কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। আলতাফের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ থানার বালাপাড়া গ্রামে। তিনি ফার্মগেট আমবাগান এলাকায় থাকতেন।
শেরেবাংলা নগর থানার এসআই নয়ন মিয়া জানান, মৌসুমীর স্বামীর নাম শিব শংকর হালদার। তিনি তালতলা এলাকার ১৭০/৪-বি নম্বর বাড়ির সি-১ ফ্লাটে থাকতেন। গত বুধবার রাতে ঐ বাসা থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
