ফরাসি চ্যাম্পিয়ন প্যারি সেন জার্মেইর স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের চার ম্যাচ নিষেধাজ্ঞা কমিয়ে তিন ম্যাচ করা হয়েছে। ফ্রেঞ্চ অলিম্পিক কমিটির সুপারিশের ভিত্তিতে লিগ কমিটি এই সিদ্ধান্ত নেয়। এর আগে অবশ্য পিএসজি’র পক্ষ থেকে ইব্রার শাস্তির মেয়াদ কমানোর আবেদন জানানো হয়েছিল।
গত মাসে ফ্রেঞ্চ লিগে বোর্দুর কাছে পিএসজির ৩-২ গোলের হারে সুইডিশ স্ট্রাইকারটি অতি মাত্রায় অশোভন আচরণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তিনি এতটাই রাগান্বিত হয়েছিলেন যে মাঠ থেকে বের হয়ে যাবার সময় ম্যাচ অফিসিয়ালকে অপমান করেন। এরপরপরই তিনি মন্তব্য করেন, ‘গত ১৫ বছরে আমি এ ধরনের রেফারিং দেখিনি। এই ধরনের দেশে পিএসজির মতো দলের থাকার কোনো অর্থ নেই। এই দেশের তুলনায় পিএসজি অনেক বেশী ভাল দল।’
পরবর্তীতে অবশ্য এক ভিডিও বার্তায় এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইব্রাহিমোভিচ। এক ম্যাচের নিষেধাজ্ঞা কমলেও নাইস, লিলি এবং মেটজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে তিনি খেলতে পারছেন না। কিন্তু আগামী মাসের শুরুতে নতের বিপক্ষে তাকে পেতে যাচ্ছে পিএসজি। বাসস
