ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ এম আউয়াল এবং বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস শনিবার দিনভর প্রচারণা চালিয়েছেন। এ সময় গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এম আউয়াল আর নির্বাচনী প্রচারনা থেকে নেতা-কর্মীদের বিরত রাখতে সরকারি দলের লোকেরা ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন আফরোজা আব্বাস।
সকাল সাড়ে ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ। এরপর দুপুর পর্যন্ত কারমাইকেল রোড, সেকেন্ড কলোনি, গলারটেক, দারুস সালাম থানা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শাহ আলী মাজার, ১ নম্বর গোলচক্কর, চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ, শিলবাড়ি, রূপনগর, প্রশিকা মোড়, ৬ নম্বর বাজার, মিরপুর স্টেডিয়াম, মনিপুর স্কুল, ৬০ ফুট রোড, পীরের বাগ, সাউথ পাইকপাড়া, কাওসারের বাড়ি, মধ্য পাইকপাড়া, নতুনবাজার, কল্যাণপুর বাসস্ট্যান্ড এসব রুটে গণসংযোগ করেন। পরে বিকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে গণসংযোগে যোগ দেন।
গাবতলীর বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাবিথ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির অনেক নেতা-কর্মীই হামলা-মামলা ও গুম-খুনের শিকার হচ্ছেন। আমি নিজেও গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারি না। যারা গুম হচ্ছেন তাদেরকে এখনও পর্যন্ত প্রশাসন উদ্ধার বা কোনো তথ্য দিতে পারছে না। তাই সবারই গুমের ভয় থাকাটাও স্বাভাবিক। এ সময় তিনি পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের যৌন হয়রানির ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। তিনি বলেন, ‘আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনীসহ সব বাহিনীর সহযোগিতা চাই। তাছাড়া আমি নির্বাচনে নেমেই আশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সেভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের পাশে থাকবো সবসময়। আর আপনাদের প্রধান সমস্যা রাস্তা ঘাট উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিবো।’ এ সময় তার সঙ্গে ছিলেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও ৯ নম্বর কাউন্সিলর পদপ্রার্থী মো. বদিউজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
পুরান ঢাকায় গণসংযোগে আফরোজা আব্বাস
মির্জা আব্বাসের পক্ষে পুরান ঢাকার গোপীবাগ থেকে সকাল নয়টার দিকে প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস। তার সঙ্গে ছাত্রদল, যুবদল ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে মির্জা আব্বাসের ‘মগ’ প্রতীকের প্রচারণাকালে আফরোজা আব্বাস বিভিন্ন দোকানের মালিক-কর্মচারী, পথচারী ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চান। দিনের মধ্যাহ্ন পর্যন্ত আফরোজা আব্বাস পুরান ঢাকার গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেণ্ডারিয়া, ফরিদাবাদ ও নারিন্দায় মগ মার্কার জন্য প্রচার ও গণসংযোগ করেন।
