রামপুরায় ঝিলে ঘর দেবে মৃত্যু: উদ্ধার অভিযান শেষ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ২১:১৪
 
 
 
 
 
 
রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার ঝিলে দেবে যাওয়া টিনের দোতালা ঘর থেকে লাশ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা বিভাগ) এ বি এম নূরুল হক জানান—পানিতে আর কোনো লাশ মেলেনি। এ ঘটনায় ফায়ার সার্ভিস ছয়টি ও পুলিশ ছয়টি লাশ উদ্ধার করে। তবে ঘটনার প্রথম দিন দুইজন ব্যক্তি নিখোঁজ থাকার অভিযোগ উঠলেও পরে তার কোনো সত্যতা মেলেনি।
অন্য দিকে, ১২ জনের অকাল মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় একমাত্র আসামি যুবলীগ নেতা মনির হোসেন চৌধুরী এখনো গ্রেফতার হয়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন—মনির ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতারে গড়িমসি করছে।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া জানান—ঘটনার পর পরই অভিযুক্ত মনির হোসেন আত্মগোপনে চলে যান। পুলিশ তাকে গ্রেফতারে ঢাকাসহ সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। থানা পুলিশের দুটি টিম, ডিবি পুলিশ ও র্যাবের টিমও মনিরকে গ্রেফতারে কাজ করছে।