হাসপাতালে সন্ধ্যাকালীন রাউন্ড কার্যকর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ২১:৪২
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারি হাসপাতালের চিকিত্সকদের আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী সরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভরশীল। তাদের চিকিত্সা সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সব হাসপাতালে কর্মরত চিকিত্সকদের সন্ধ্যাকালীন রাউন্ড অধিকতর কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোন শৈথিল্য বরদাশত করা হবে না।
 
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশ আয়োজিত ২৬তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
একই সাথে ৬ হাজারের বেশি চিকিত্সক নিয়োগের ঘটনাকে চিকিত্সা সেবা উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে তৃণমূল পর্যায়ে চিকিত্সক সংকট বহুলাংশে দূর হয়েছে। এখন চিকিত্সার জন্য মানুষকে আর শহরমুখী হতে হয় না। তবে নতুন নিয়োগকৃত চিকিত্সকদের পল্লী অঞ্চলে অন্তত দুই বছর কাজ করতে হবে।
 
নাসিম বলেন, সরকার জেলা পর্যায়ের হাসপাতালগুলো আরো আধুনিকায়ন করার পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন জেলা হাসপাতালে সিসিই স্থাপনসহ ক্যান্সারসহ দূরারোগ্য ব্যাধি চিকিত্সা ব্যবস্থা আরো উন্নত করা হচ্ছে।
 
অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ডা. এম এ জলিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সংগঠনের মহাসচিব এম এ রশীদ প্রমুখ।