চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রয়োজন :সুজন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৪:০২

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন রয়েছে। তিনি বলেন, বিগত উপজেলা নির্বাচনে যে সহিংসতা ঘটেছিল সেটি যেন আবার না হয়, সেজন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। নির্বাচন শান্তিপূর্ণ না হলে দেশে আবার রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারে।

 
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
সভাপতির বক্তব্যে সুজন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক মু. সিকান্দর খান বলেন, যাদের ক্ষমতা আছে তারা যেন অপব্যবহার না করে।
 
লিখিত বক্তব্যে আখতার কবির চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি, আইন-কানুন ও বিধি-বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচন কমিশনকে এসব ক্ষেত্রে কঠোর হতে দেখা যাচ্ছে না।
 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চট্টগ্রামের ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে ১০ জন ব্যবসায়ী। পেশা হিসেবে একজন চাকরির কথা উল্লেখ করেছেন। ২১২ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ১৬৪ জনেরই পেশা ব্যবসা। ৬ জন তাদের পেশা উল্লেখ করেননি। চট্টগ্রামে সর্বমোট ২৮৬ জন প্রার্থীর মধ্যে ৬ জনের কোটি টাকার উপর ঋণ রয়েছে। চট্টগ্রামের ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ও একজনের স্নাতক। এসএসসি ও তার নিচে রয়েছে তিনজন প্রার্থী। ৬ জন এসএসসি পাস করেছেন। মেয়র প্রার্থী হোসাইন মো. মুজিবুল হক তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অক্ষরজ্ঞান সম্পন্ন বলে উল্লেখ করেছেন।