গতকাল শনিবার দুপুরে ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৭ জনসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের নারীকুল গ্রামের শেখ সমশের আলীর ছেলে মনোয়ার শেখ (৪০), তার স্ত্রী ফরিদা বেগম (৩০), ছেলে তাওহিদ সজিদ (৩), মেয়ে তোহা (১), ভাতিজি সামিয়া আক্তার (৩), আংকিতা (৫), ভাইয়ের স্ত্রী দিলারা বেগম (৪৫) ও প্রাইভেটকার চালক ফারুক হোসেন (৪৫)। দুর্ঘটনায় আহত মনোয়ার শেখের ভাই মনির শেখকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনার পর ঢাকা-অরিচা মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই আলতাফ শেখের ছেলে আসতাক শেখের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য মনোয়ার শেখ ও তার ভাই মনির শেখ পরিবারের সদস্যদের নিয়ে সাভারের হেমায়েতপুরের বাসা থেকে একটি প্রাইভেটকারযোগে মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের নারীকুল গ্রামের বাড়িতে রওনা হন। দুপুর আড়াই টার দিকে ধামরাইয়ের বাথুলিতে যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাস (ঢাকা মেট্রো ক-০৮-৩৮৮২) ও পদ্মা ভিলেজ লাইন পরিবহনের বাস (ঢাকা মেট্রো জ-১১-০২৪২) দুদিক থেকে প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো ক-০৬-৪৩৬৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা মনোয়ার শেখ (৪৫) তার স্ত্রী ফরিদা বেগম ছালেহা (৩০), ছেলে তাওহিদ সজিদ (২) ও চালক ফারুক হোসেন (৩৫) নিহত হন। আহত ৪ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরো চার জনের মৃত্যু হয়। কেবল মনির শেখ গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন।
পথচারী মনির হোসেন জানান, প্রথমে সোহাগ পরিবহন ওই প্রাইভেটকারটি চাপা দেয়। পরে পেছন থেকে আসা পদ্মালাইন বাসটিও প্রাইভেটকারকে চাপা দিলে প্রাইভেটকারটি দুমরে-মুচড়ে যায়। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু মিয়া জানান, বাস দুটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু নিশ্চিত করেন ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বানিয়াগাঁতিতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম চায়না বেগম (২৫)। তিনি কুড়িগ্রামের পাথরখাদা গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, নীলফামারীর জলঢাকা থেকে অনিক পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। শনিবার ভোরে বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে পৌঁছলে একই দিক থেকে আসা একটি ট্রাক দ্রুত গতিতে বাসটিকে ওভারটেক করতে গেলে উভয় যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুটি পরিবহনই রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরো ২ জন। গুরুতর আহত ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।
বগুড়ায় দম্পতিসহ ৩ জন নিহত
বগুড়া প্রতিনিধি জানান, শনিবার বগুড়ার ধুনটি উপজেলার সোনাহাটা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং বগুড়া শহরের গোহাইল রোডে বাসের ধাক্কায় অপর এক মোটর সাইকেল আরোহী নিহত হন। নিতহরা হলেন- ধুনট উপজেলার জোড়াশিমুল গ্রামের মমতাজ উদ্দিন (৪৫) এবং তার স্ত্রী শেফালী খাতুন (৩৫) ও বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়ার লিটন মিয়ার ছেলে রিফাত (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধুনট উপজেলার জোড়াশিমুল এলাকায় নিজ বাড়ি হতে মমতাজ উদ্দিন তার স্ত্রী শেফালী খাতুনকে নিয়ে মোটর সাইকেলযোগে বগুড়া শহরে আসছিলেন। সকাল ৯টার দিকে সোনাহাটা বাজারের কাছে আসতেই একটি দ্রুতগামী ট্রাক ওই মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।
এর আগে সকাল ৭টার দিকে শহরের গোহাইল রোডে বাস চাপায় রিফাত (২০) নামে আরও এক মোটর সাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছোট বোনকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। সকাল ৭টার দিকে শহরের গোহাইল রোডের মিশন হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসকে পাশকাটিয়ে এগিয়ে যাবার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী রিকশার সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত ও রিকশা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এসময় যাত্রীবাহী বাসটি রিফাতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশাচালক এবং রিকশার দুই যাত্রী সামান্য আহত হন। বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।