উসেইন বোল্ট জানিয়েছেন তিনি ১৯ সেকেন্ডের কমে দৌড়িয়ে নিজের গড়া ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটিকে ভাঙ্গতে চান। শুধু তাই নয় জ্যামাইকান অ্যাথলিটটি এও জানিয়েছেন যে পুরোপুরি ফিট থাকলে তাকে হারানো প্রায় অসম্ভব।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ রবিবার একটি প্রতিযোগিতায় অংশ নেবেন বোল্ট। মূলত ব্রাজিলের শহরটিতে আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের আগে নিজেকে খাপ খাইয়ে নিতেই তিনি ‘মানো এ মানো’ নামের ১০০ মিটার স্প্রিন্টের এ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। সেখানেই গণমাধ্যমের সাথে কথা বলেন ছয়টি অলিম্পিক সোনা জয়ী এই গতি মানব।
বোল্ট ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েন যা আজো অটুট আছে। যদিও গত শনিবার নিজের দেশে এক প্রতিযোগিতায় বোল্ট ২০.২০ সেকেন্ডে দূরত্বটি পার হয়ে অনুরাগীদের হতাশ করেন।
জ্যামাইকানটি বলেন, ‘আমি অবশ্যই ২০০ মিটারের রেকর্ড ভাঙতে চাই, এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। এটা অবশ্যই হবে ১৯ সেকেন্ডের নিচের এক দৌড়।’
বর্তমানে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড দুটিই তার। দুটি রেকর্ডই তিনি গড়েন ২০০৯ সালে। সে বছরই ১০০ মিটার দৌড়াতে বোল্ট সময় নিয়েছিলেন ৯.৫৮ সেকেন্ড।
তিনি আরো বলেন,‘আমি মনে করি, এ মৌসুমে এটা করা কঠিন হবে। কিন্তু আমি এ মৌসুমে চোটমুক্ত থাকতে চাই, যেন অলিম্পিক মৌসুমে সেরা অবস্থায় যেতে পারি। যাতে করে রেকর্ড ভাঙার উদ্যোগ নেয়াটা সহজতর হয়।’
বোল্ট গেল বছরের অধিকাংশ সময় ইনজুরি থেকে সেরে উঠতেই সময় ব্যয় করেন। ইত্যবসরে স্প্রিন্ট সার্কিটে আধিপত্য বিস্তার করেন আমেরিকান জাস্টিন গাটলিন। ওই সময়ে গাটলিন ১০০ ও ২০০ মিটারে নিজের সেরা সময় ৯.৭৭ ও ১৯.৬৮ সেকেন্ডে দৌড়ান।
তবে বোল্ট মনে করেন এ নিয়ে তার কোনো দুর্ভাবনা নেই। বিশেষ করে যখন তিনি পুরোপুরি ফিট থাকেন এবং এমন সময়ে তাকে হারানো প্রায় অসম্ভব।
নিজেকে অজেয় ভাবার প্রসঙ্গে তিনি বলেন,‘প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে আমি সবসময়েই বলি, যে আমার পাশের লেনগুলোতে লড়ার জন্য সাতজন থাকে। আমি যখন সেরা অবস্থানে থাকি, আমি আপনাদের বলছি, আমি কাউকে নিয়েই দুশ্চিন্তা করি না। কারণ আমি যখন নিজের সেরা অবস্থায় থাকি, সেসময় আমাকে হারানো নিশ্চিতভাবেই প্রায় অসম্ভব।’ মেইলঅনলাইন
