শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গৃহ শ্রমিকদের জন্য একটি নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, মোঃ রুহুল আমিন, মোঃ রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমিন ছুটি সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাটা সু-কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন, শ্রম আইন সংশোধনের বিষয়, আইএলও বৈঠকের এজেন্ডাসমূহ বৈঠক হওয়ার পূর্বেই সংশ্লিষ্টদের অবহিতকরণ, পরিবহন শ্রমিক সংশ্লিষ্ট আইন সংশোধন ও যুগোপযোগীকরণ বিষয়ে আলোচনা এবং আইনটির যথাযথ প্রয়োগকারী মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ নির্ধারণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আহত ও নিহত শ্রমিকদের অদ্যাবধি কি পরিমান সহযোগিতা দেয়া হয়েছে এবং এ বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে উপর বিস্তারিত আলোচনা হয়।
সভায় মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রি-পক্ষীয় সভা বছরে অন্তত ২ বার করার সুপারিশ করা হয়।সভায় বাটা সু কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের উদ্দেশ্যে ৪ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মন্ত্রণালয়ের শ্রম বিভাগকে উন্নীতকরনের সুপারিশ করা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
