ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস রবিবার ধানমন্ডির জিগাতলা, হাজারীবাগ, রায়েরবাগ, নিউমার্কেট এলাকায় গণসংযোগ করেছেন। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির জিগাতলা এলাকা থেকে তিনি প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন।
এসময় এক পথসভায় আফরোজা আব্বাস বলেন, আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের ঢল নামছে। এ কারণে সরকার ভয় পেয়ে গেছে। নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ থাকার চেষ্টা করে। এ কারণে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েন চাই। ভোট কেন্দ্রে সিসিটিভি চাই। যেন সবাই দেখতে পারে, সেখানে কী হচ্ছে।
তিনি বলেন, সেনা মোতায়েন এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর না হলে বুঝে নিতে হবে সরকার ৫ জানুয়ারির স্টাইলে আরেকটি নির্বাচন করতে চায়।
আফরোজা বলেন, সরকার যদি মনে করে থাকে, জনগণ তাদের পক্ষেই আছে, তাদেরকেই ভোট দিয়ে আনবে। তাহলে সেনাবাহিনী মোতায়েনে তাদের ভয় কেন?
আফরোজা আব্বাস বলেন, প্রতিদিনই আমাদের প্রচারে থাকা ব্যক্তিদের ওপর সরকারের লোকজন হামলা করছে, আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী দরকার। কেন্দ্রে কেন্দ্রে সিটিটিভি বসানো দরকার।
