নারীর সঙ্গে এমন হয় কেন?

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১৩:৩৪
 
বাঙালি উত্সব প্রিয়।  পহেলা বৈশাখ থেকে শুরু করে পুরো বছর জুড়ে নানা উত্সবে মুখর থাকি আমরা। সেই উত্সবগুলোর মূল স্রোতের সাথে মিশতে পারছে না নারী। তার মূল কারণ  যৌন সন্ত্রাস। জানাচ্ছেন মোহাম্মদ ওমর ফারুক
 
পহেলা বৈশাখ। নতুন প্রভাতে নববর্ষের নতুন সূর্য। বাঙালির চিরায়ত উত্সবের দিন। দিনটি বাঙালির প্রধান উত্সব। নববর্ষের প্রথম দিনে পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন যাত্রার উত্সবে মাতে বাঙালি। রবীন্দ্রনাথের ভাষায় ‘আঁধার রজনী পোহালো, জগত্ পুরিলো পুলকে, বিমল প্রভাত কিরণে, মিলিলো পুলক ভুলোকে’। অন্যান্য বছরের মতো এ বছরও তার ব্যতিক্রম ছিল না। পুরো বাঙালি জাতি মেতে উঠেছিল চির চেনা বৈশাখী উত্সবে । সকাল থেকে বিকাল পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। উত্সবে মেতে ওঠে ছিল তরুণ, তরুণী, শিশু, কিশোর, বৃদ্ধা সকলেই কিন্তু একটি ঘটনা পুরো উত্সবটিকে করে দিয়েছে ফ্যাকাসে। ওই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হয়রানির শিকার হন কয়েকজন নারী। টিএসসির মোড়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে বের হওয়ার সময় ৩০-৩৫ জন যুবক নারীদের শ্লীলতাহানি করে। এসময় তাদের বিবস্ত্র করে ভিডিও করা হয়েছে। নারীদের ওপর এই হামলা ঠেকাতে গিয়ে ওই যুবকদের হামলায় হাত ভেঙে যায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ আরো কয়েকজনের। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় একই দিনে এই ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শুধু নববর্ষে নয় বাঙালি সকল জাতীয় উত্সবগুলোতে নারীর শ্লীলতাহানি ও নারী নির্যাতন অহরহ ঘটে চলেছে। যার কারণে অনেক সময় নারীরা উত্সবগুলোতে উত্সব মুখর হতে পারে না।