নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ২২:০২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যেসব জেলায় বিএনপি জামায়াতের হরতাল অবরোধের সময় বেশী নাশকতার ঘটনা ঘটেছে সেখানে অভিযান আরো জোরদার করা হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিসভা কক্ষ থেকে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল ঢাকা ও সিলেট বিভাগীয় কমিশনারের অফিসও। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা অফিসের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অবহিত হন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় যেসব প্রকল্প চলমান আছে তা দ্রæত শেষ করার তাগিদ দিয়ে বলেন, এতে নতুন প্রকল্প নিতে সুবিধা হবে।
প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ করে উন্নয়নের গতি থামাতে পারেনি বিএনপি। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্যেও সব ধরনের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা বর্তমান সরকারের দায়িত্ব। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সকলকে যেকোনো কাজে রাজধানীতে আসতে হবে না। প্রত্যেক জেলাকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। প্রত্যেক জেলায় মানুষের সব রকম চাহিদা যেন পূরণ হয় সেইভাবে আমরা গড়ে তুলতে চাই।'
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক তৈরি করে দিয়েছে, যার ফলে মানুষ ঘরে বসে চিকিৎসা পাচ্ছে। তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে দেশের মানুষ ঘরে বসে কাজ করছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।