মাশরাফির দেড়শো, কাছেই সাকিব-মুশফিক

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১৬:৩৭
গতকাল ম্যাচের প্রথম বলটি করার সাথে সাথে একটা মাইলফলকও স্পর্শ করে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসাবে ওয়ানডে দেড়শো ম্যাচ খেলে ফেলেছেন বহু দিন ধরেই দেশের পেস বোলিংয়ে নেতৃত্ব দিয়ে আসা মাশরাফি। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন মাশরাফি। এরপর কয়েকটি ম্যাচের পরই দেশের পেস অ্যাটাকের সেরা বোলারের স্বীকৃতিটা পেয়ে যান নড়াইল এেপ্রস। কিন্তু দলের সেরা পেসার হয়েও পরবর্তীতে খুব বেশি ওয়ানডে খেলতে পারেননি মাশরাফি। কারণ ইনজুরির সাথে তীব্র লড়াই। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ইনজুরির সাথে লড়াই করেছেন মাশরাফি। সেই লড়াইয়ে দাপটের সাথে জিতেছেনও তিনি। অবশেষে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ। 
বাংলাদেশের হয়ে গতকালের এই ম্যাচসহ ১৪৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। আর ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে দু’টি ম্যাচ খেলেন তিনি। ঐ দু’টি খেলাও আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই বিবেচনা করা হয়েছে। 
 
মাশরাফি গতকাল ১৫০তম ম্যাচ খেললেন, এটা জানা কথা। কিন্তু মজাটা হলো দেশের অন্যতম সিনিয়র ক্রিকেটাররা যেন পাল্লা দিয়ে ১৫০-এর মাইল ফলকে পৌছাচ্ছেন। গতকাল সাকিব আল হাসানের ছিলো ১৪৯তম ম্যাচ। তার মানে সিরিজের শেষ ম্যাচে তিনি পৌছে যাবেন দেড় শতে। গতকাল ১৪৮তম ম্যাচ খেলতে নামা মুশফিককে অবশ্য পরের সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে।