উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চাইলেন খোকন

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ০১:৪৮

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করছে মন্তব্য করে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, এ নির্বাচন একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে। নির্বাচনে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস  নাগরিক কমিটি আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

 
সাঈদ খোকন বলেন, ‘সমস্যাসঙ্কুল ঢাকাকে গতিশীল করার জন্য জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। জননেত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ২৮ এপ্রিল ইলিশ মাছ মার্কায় ভোট দিন।’
 
সহস  নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
 
সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়তে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে সাঈদ খোকনকে ইলিশ মাছ ও উত্তরে আনিসুল হককে ঘড়ি মার্কায় ভোট দেয়ার জন্য জনগণকে অনুরোধ জানান।
 
সাঈদ খোকনের প্রচারণায় স্ত্রী: আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী ফারহানা সাঈদ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলস্থ উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে প্রচারণা চালান তিনি।
 

এ সময়ে তিনি বলেন, ‘আমার শ্বশুর ঢাকার প্রয়াত মেয়র (মোহাম্মদ হানিফ) ঢাকাবাসীর জন্য জীবন উত্সর্গ করেছেন। আমার স্বামী সাঈদ খোকনকে এবার ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দিন। তিনি সবসময় আপনাদের পাশে থাকবেন।