সোনারগাঁওয়ে শিল্পবর্জ্যে মরছে মেঘনার মাছ

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ০২:৪১

সোনারগাঁওয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে মেঘনা নদীর বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে। গত এক সপ্তাহ যাবত্ মেঘনা শিল্প এলাকার প্রতাপের চর থেকে মেঘনা পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত মরা মাছে ভরে উঠেছে নদী। এছাড়া বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানিতে গোসল করার কারণে ওই এলাকার লোকজনের চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ফলে এখন গোসলসহ প্রয়োজনীয় কাজে নদীর পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

 
জানা গেছে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পাইপের মাধ্যমে মেঘনা নদীতে ফেলা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে মেঘনা নদীর বিভিন্ন এলাকা জুড়ে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠছে। ভেসে ওঠা মাছ সংগ্রহ করে অনেকে স্থানীয় বাজারে বিক্রি করছে।
 
সোনারগাঁও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেয়া প্রয়োজন। সোনারগাঁও উপজেলা মত্স্য কর্মকর্তা মুুমিনুল হক জানান, মাছ মরার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে জানাবো।
 

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভুঞা জানান, এ ব্যাপারে আমি নিজে তদন্ত করে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।