জাকার্তার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১৫:৩০


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ থেকে ২৪ দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
এছাড়া এ সময়ে কেবিনেট সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, কূটনৈতিক কোরের প্রধান এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান স্থানীয় সময় বিকেল চারটায় জাকার্তার সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ইন্দোনেশিয়ার বন ও পরিবেশ মন্ত্রী নুরবায়া বাকার এবং জাকার্তার গভর্নর তাজহাইয়া পুমামা।
উষ্ণ অভ্যর্থনা শেষে মোটরশোভা যাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে জাকার্তার হোটেল বরোবুদুরে নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।