দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতার জয়

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১২:২৯
বোলারদের নৈপুণ্য দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। আর এই জয়ে বড় অবদান রেখেছে অধিনায়ক গৌতম গম্ভির।
 
সোমবার দিল্লির ফিরোজ শাহ কোলটায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে স্বাগতিক দল। কলকাতার বোলারদের দারুণ বোলিংয়ে নিয়মিত উইকেট হারানোয় দেড়শ পর্যন্ত যায়নি তাদের সংগ্রহ।
 
সর্বোচ্চ ৩২ রান করেন মনোজ তিওয়ারি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন শ্রেয়াস আয়ার। এছাড়া ২৮ রান করেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। কলকাতার উমেশ যাদব, পিযুষ চাওলা ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন। 
 
জবাবে ১৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে, পাঁচ ম্যাচে এটি দিল্লির তৃতীয় হার। 
 
ইউসুফ পাঠানের সঙ্গে গম্ভিরের ৬৫ রানের জুটি কলকাতাকে জয়ের খুব কাছে নিয়ে যায়। ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ৬০ রানের চমৎকার ইনিংস খেলেন কলকাতার অধিনায়ক। ১১ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেয়া ইউসুফ অপরাজিত থাকেন ৪০ রানে।