ওয়ানডেতে লিভিংস্টোনের ৩৫০!

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১২:৩৮
লিয়াম লিভিংস্টোন ৪৫ ওভারের ম্যাচে ৩৫০ রানের এক ইনিংস খেলে বিস্ময়ের জন্ম দিয়েছেন। মাত্র ২১ বছর বয়সী এই ইংলিশ ন্যানউইচ ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশীপে ঘরের মাঠে ন্যানউইচের হয়ে উত্তর-পশ্চিমের দল ক্যালডির বিপক্ষে এই অনন্য নজির দেখান। মাত্র ১৩৮ বলে ৩৪টি বাউন্ডারি ও ২৭টি ওভার বাউন্ডারির সহায়তায় গড়া এই ইনিংসে তার দল  ৪৫ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান সংগ্রহ করে। ধারণা করা হচ্ছে, লিভিংস্টোনের এই ইনিংস ওয়ানডে ক্রিকেটের যেকোন ফর্মে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অবিশ্বাস্য এই ইনিংসের পর লিভিংস্টোন বিবিসিকে বলেন, ‘একশোর পরে আমি প্রতি বলেই ছয় হাঁকাতে চেয়েছি। যখন দুইশো এবং তিনশো হল তখনই কেবল বুঝতে পারলাম অবিশ্বাস্য কিছু হয়ে যেতে পারে আজ।’ ২০০৮ সালে হায়দ্রাবাদে ভারতীয় একটি স্কুল টুর্নামেন্টে ১৫ বছর বয়সী নিখিলেশ সুরেন্দ্রান যে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন সেটাকেও ছাড়িয়ে গেছে লিভিংস্টোনের ইনিংস। ক্যালডির তিনজন বোলার তাদের নির্ধারিত ওভারে ১০০-রও ওপরে রান দিয়েছেন। লিভিংস্টোনের ঐ ইনিংসের বিপরীতে ক্যালডির ইনিংস মাত্র ৭৯ রানেই গুটিয়ে গেলে ন্যানউইচ ৫০০ রানের বিশাল জয় পায়।