খালেদ মাহমুদ সুজন একটা জায়গায় নিজেকে বাংলাদেশের এক ও অদ্বিতীয় বলতে পারেন। বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে পাকিস্তানকে হারানো সবগুলো ম্যাচের ড্রেসিংরুমে ছিলেন তিনি। ১৯৯৯ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ছিলেন খেলোয়াড় হিসেবে। আর এবার ছিলেন ম্যানেজার হিসেবে।
সেই প্রথম জয়ের সঙ্গে তুলনায় না গিয়ে তার উত্তরসূরীদের প্রশংসায় ভেজালেন সাবেক এই অধিনায়ক। দলের সব খেলোয়াড়ের মধ্যে পারফরম করার যে প্রতিযোগিতা চলছে, সেটাতেই মুগ্ধ সুজন। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘দলের টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত ব্যাটসম্যানরা দারুণ খেলছে। তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। তামিম না পারলে মুশফিক রান করে দিচ্ছে। তারা ব্যর্থ হলে মাহমুদউলাহ রিয়াদ রান করছে। এ ছাড়া নাসির ও সাব্বিরও আছে। ব্যাটসম্যানদের কারণেই ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসছে।’
গতকাল সুজন জানান প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর তৃতীয় ম্যাচেও জয়ের উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
