বার্সাকে হারাতে চায় পিএসজি

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১২:৪১
 
প্যারি সেন জার্মেই (পিএসজি) নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে হারলেও জয়ের লক্ষ্য নিয়ে ফিরতি লেগে ন্যু ক্যাম্পে মাঠে নামছে আজ। পিএসজি’র সেন্টার-ব্যাক মার্ককুইনহোস জানিয়েছেন, এদিন তার দলের লক্ষ্য থাকছে স্বাগতিক বার্সাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা। একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে একই লক্ষ্য নিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এফসি পোর্তোকে আতিথ্য দেবে। খেলাটিতে ‘ফাইনাল’ হিসাবে দেখছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। প্রথম লেগে জার্মান জায়ান্টরা পর্তোর মাঠে ৩-১ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগটি তাদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াইয়ে পরিণত হয়েছে। 
 
পিএসজিকে সেমিফাইনালের টিকিট পেতে হলে স্বাগতিক বার্সার বিপক্ষে কমপক্ষে দুই গোলের ব্যবধান নিয়ে জিততে হবে আজ। কেননা প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে পিছিয়ে রয়েছে পিএসজি, যেই খেলায় জোড়া গোল করে বার্সার জয়ে দারুণ অবদান রাখেন স্ট্রাইকার লুই সুয়ারেজ। পিএসজিও একমাত্র গোলটি পায় কাতালানদের ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর একটি আত্মঘাতী ভূমিকায়।
 
ন্যু ক্যাম্পে বরাবরের মতোই এগিয়ে থাকছে বার্সা। কেননা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে গত ৩১ খেলার মধ্যে মাত্র একটিতেই হেরেছে তারা। তাছাড়া দুর্দান্ত ফর্মে আছে কাতালান ক্লাবটির তিন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং নেইমার। তবে পিএসজিরও ফিরতি লিগে শক্তি বাড়ছে। কেননা নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন দলের তারকা স্ট্রাইকার জে্লতান ইব্রাহিমোভিচ এবং ডিফেন্ডার মার্কো ভেরেত্তি। যদিও ইনজুরির কারণে থিয়াগো সিলভা, থিয়াগো মোতা এবং ডেভিড লুইজের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 
 
এর মধ্যে ফরাসি লিগে সর্বশেষ খেলায় নাইসের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের জন্য ভালো প্রস্তুতিও সেরেছে পিএসজি। এমনটাই জানান দলের সেন্টার-ব্যাক মার্ককুইনহোস, ‘নাইসের বিপক্ষে এই জয় মঙ্গলবারের ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতিও।’ ন্যু ক্যাম্পে নিজেদের লক্ষ্যের ব্যাপারে এই ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, ‘ন্যু ক্যাম্পে ফিরতি লেগটা প্রচণ্ড উত্তেজনাপূর্ণ এবং কঠিন হবে। তবে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলবো আমরা।’
 
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায়ই নৈপুণ্য দেখাচ্ছে বার্সা। মৌসুম যত সামনের দিকে এগুচ্ছে ততই ট্রেবল জয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে তাদের। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষের স্থান ধরে রেখেছে কোচ লুই এনরিকের দল। কোপা ডেল রে’র ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছে তারা। আজ সেমিফাইনাল নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দিকেও আরো এক ধাপ এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।
 
আশানুরূপ নৈপুণ্য দেখাচ্ছেন বার্সা তারকা মেসি এবং সুয়ারেজ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ খেলায় একটি গোল নিয়ে বার্সার হয়ে প্রথম খেলোয়াড় হিসাবে ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। আর সুয়ারেজ গত চার খেলায় গোল করেছেন পাঁচটি। এদিকে পিএসজির বিপক্ষে বার্সার মাঠের শক্তি বাড়ছে। চোট কাটিয়ে ফিরছেন আন্দ্রে ইনিয়েস্তা।
 
এদিকে, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ার শঙ্কায় থাকা বায়ার্নকেও চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা ধরে রাখতে হলে আজ পোর্তোকে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে। এমন অবস্থায় নিজেদের মাঠে অনুষ্ঠেয় এই লড়াইটিকে ‘সবচেয়ে বড় খেলা’ উল্লেখ করেছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
 
তিনি বলেন, ‘আমরা জানি এটা আমাদের জন্য এই মৌসুমে সবচেয়ে বড় খেলা। তাই এটাতে ভালো করতে হলে দলের প্রত্যেককেই নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিতে হবে।’ বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও বললেন একই কথা, ‘এটাই আমাদের জন্য ফাইনাল। তাই এখানে আমাদের দুর্দান্ত খেলা দেখাতে হবে। যদিও এটা অনেক কঠিন হবে। কিন্তু খেলোয়াড়দের ওপর আমার অনেক বিশ্বাস আছে।’ পক্ষান্তরে ফিরতি লিগে পোর্তোর লক্ষ্য থাকছে প্রথম লেগের জয়টা ধরে রাখা।—সকারওয়ে