পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াদাদ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতা বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ আর আগের মতো নেই। আমি মনে করি তারা এখন যেকোনো দলকেই হতাশ করতে পারে। কারণ তারা উন্নতি করছে এবং প্রতিদিনই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’
২০০২ সালে বাংলাদেশ দলে কিছুদিন কোচিংয়ের দায়িত্ব পালন করেন মিয়াদাদ। ওই স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘আমি কিছুদিন বাংলাদেশে কোচিং করিয়েছিলাম এবং তাদেরকে কিছু মৌলিক বিষয় সম্পর্কে বলেছিলাম। যেমন তারা শট ডেলিভারিতে দুর্বল ছিলো। মৌলিক বিষয়গুলো তারা যেভাবে মেনে চলেছে তাতে প্রশংসা করতে হয়। এখন তাদের খেলা দিন দিনই উন্নতি করছে।’
এদিকে বাংলাদেশ দলের কাছে সিরিজ হারায় পাকিস্তান দলের সমালোচনাও করেছেন সাবেক তারকা ব্যাটসম্যান মিয়াদাদ। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে সিরিজ হারা মানে আমরা ব্যর্থতার তলানিতে পৌঁছে গেছি। এমন অবস্থায় আমরা যদি যথাযথ পদক্ষেপ না নেই, তাহলে আমাদের ক্রিকেটের অবস্থা ভবিষ্যতে আরো খারাপ হবে।’—এএফপি
