বায়ার্নে থাকতে চান গার্দিওলা

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১৪:৪১
 
আগামী মৌসুমেও বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে থাকার ইঙ্গিত দিয়েছেন পেপ গার্দিওলা। ২০১৬ সালের জুনে বায়ার্নের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই বিভিন্ন সূত্র মতে ধারণা করা হয়েছিল হয়তোবা তিনি ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিতে যাচ্ছেন।
 
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমার ভবিষ্যত হচ্ছে: বুধবার ছুটি, বৃহস্পতিবার অনুশীলন এবং অবশ্যই আগামী বছর এখানেই থাকা। এটাই আমার ভবিষ্যৎ।’
 
গত সপ্তাহে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পল স্কোলস দাবি জানিয়েছিলেন বায়ার্নের সাথে চুক্তি শেষ হয়ে যাবার পরেই গার্দিওলা আগামী মৌসুমে সিটির দায়িত্ব নিতে যাচ্ছেন। ফর্মহীনতায় ভুগতে থাকা দলের বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি দারুণ চাপের মধ্যে রয়েছে বলে এই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে এ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হারার পরে দ্বিতীয় লেগে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামছে বায়ার্ন। এদিকে ১২ পয়েন্ট এগিয়ে থেকে ইতোমধ্যেই জার্মান লিগে তৃতীয় মৌসুমের মত শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বেভারিয়ান্সরা। কিন্তু বুন্দেসলিগা, ইউরোপিয়ান ও জার্মান কাপসহ ট্রেবল শিরোপা জয়ের স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। গার্দিওলা বলেছেন এবারের মৌসুমে মাত্র একটি শিরোপা জয় বেভারিয়ান্স জায়ান্টদের সন্তুষ্ট করতে পারবে না।
 
বার্সেলোনায় থাকাকালীন চার বছরে ১৪টি শিরোপা জেতা গার্দিওলা বলেছেন, এটা অনেক বড় একটি ক্লাব। তাই কেউই বলতে পারেনা আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। জিততে পারলে সবাই প্রশংসা করে। কিন্তু হেরে গেলেই অনেক সমস্যা দেখা দেয়। পোর্তোর বিপক্ষে ম্যাচটি ততটা সহজ হবে না। তবে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। জার্মান কাপ এবং জার্মান লিগ জয়ের থেকে আমরা মাত্র কয়েক ধাপ পিছনে রয়েছি। বার্লিনের বিপক্ষে শনিবার জিততে পারলেই আমরা চ্যাম্পিয়ন হবো। কিন্তু আমি জানি কোন ক্লাবে আমি আছি, তাই শুধুমাত্র বুন্দেসলিগা কিংবা কাপ জয়ই এখানে যথেষ্ট নয়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্নের মত ক্লাবের জন্য ট্রেবল জয়ই একমাত্র সন্তুষ্টি এনে দিতে পারে। এই ক্লাবে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত।-বাসস।