আতলেতিকোর বিপক্ষে খেলতে পারবেন না বেল

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ১৪:৫২
 
চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে বুধবার সানতিয়াগো বার্নাব্যুতে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেল। বাম পায়ের কাফ পেশিতে চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি।
 
ক্লাবের এক বিবৃবিতে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের মেডিকেল দল বেলের যে পরীক্ষা করেছিল তাতে তার বাম পায়ের পেশিতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। তবে এই ইনজুরির কারণে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা হয়নি।
 
মালাগার বিপক্ষে শনিবাার ৩-১ গোলের লা লিগা জয়ের ম্যাচটিতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বেল এই ইনজুরিতে আক্রান্ত হন। এজন্য তিনি মাঠ ত্যাগ করতেও বাধ্য হয়েছেন।
বেল ছাড়াও হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন মিডফিল্ডার লুকা মোদ্রিচ। লেফট ব্যাক মার্সেলো হলুদ কার্ডের কারণে খেলতে পারছে না। হাঁটুর ইনজুরির কারণে মালাগার বিপক্ষে দলের বাইরে থাকা করিম বেনজেমারও সুস্থ হয়ে ওঠা নিয়ে সন্দেহ রয়েছে। -বাসস।