বুধবার থেকে নির্বাচনের পর পাঁচ দিন অর্থাৎ ২ মে পর্যন্ত বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটি করপোরেশন এলাকায় সেনা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি জানান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। নির্বাচনের পরও সিটি এলাকায় সহিংসতা হতে পারে, তাই এ দাবি জানানো হয়েছে।
আসাদুজ্জামান রিপন বলেন, কাওরান বাজারে নির্বাচনীর প্রচারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে যে ধরনের কথা বলা হয়েছে, তাতে আমরা স্তম্ভিত এবং বেদনাহত। আমরা সরকারের পক্ষ থেকে সমবেদনা আশা করেছিলাম। কিন্তু শীর্ষ পর্যায়ের থেকে যে ধরনের কথা বলা হচ্ছে তাতে সন্ত্রাসীরা আরও আশকারা পাবে।
পোস্টার লাগানোর সময় কাউন্সিলর প্রার্থীর ৪ সমর্থক আটক
নির্বাচনী পোস্টার লাগানোর সময় বিএনপি জোট সমর্থক ঢাকা সিটি উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালেহ সিদ্দিকীর চার প্রচারকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আটককৃতদের মধ্যে একজনের নাম মাহমুদুন্নবী।
কাউন্সিলর প্রার্থী সালেহ সিদ্দিকী অভিযোগ করে বলেন, সোমবার রাত ১২টার দিকে মগবাজারের মধুবাগে পোস্টার লাগানোর সময় পুলিশ বিনা অন্যায়ে আমার চারজন প্রচারকর্মীকে আটক নিয়ে যায়। তিনি বলেন, সোমবার বিকেলেও আমার গণসংযোগে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না এনিয়ে আমাদের এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে।
