আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের সহিংসতাকে ব্যবহারের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অহিংস করতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে বিবৃতিতে।
একইসঙ্গে নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ নির্বিঘ্নে করার অনুমতি প্রদান ও প্রার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহবান জানানো হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীকের বিচারের আওতায় আনারও আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি নির্বাচনের পূর্বে সহিংস পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, সব রাজনৈতিক দল, আইন প্রয়োগকারী সংস্থা ও নির্বাচন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন ছাড়া নির্বাচনী প্রচারণা সম্পন্নের বিষয়টি নিশ্চিত করা। আগামী ২৮ এপ্রিল নির্বাচনে ভোটাররা প্রকৃত গণতান্ত্রিক পন্থায় প্রার্থী নির্বাচন করতে পারবেন বলে প্রত্যাশা করছেন তিনি।
