মীর কাসেমের আপিল কার্যতালিকায়

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ২১:০৩
 
 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল কার্যতালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে রয়েছে আপিলটি।
 
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ  বুধবার এ বিষয়ে আদেশ দেবেন।
 
গত ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। ফাঁসির এ রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন তিনি। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়।