ওয়ানডেতে ফেরার সম্ভাবনা নাকচ আফ্রিদির

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৩:০৭


ওয়ানডে ক্রিকেটে ফেরার সব ধরনের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন সদ্য অবসরে যাওয়া পাকিস্তানি তারকা অল রাউন্ডান শহীদ আফ্রিদি।

ঢাকার উদ্দেশে দেশ ত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের অবশ্যই বুঝতে হবে জাতীয় দলে নতুন খেলোয়াড় আসার পরে সবকিছুর সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। এজন্য তাদেরকে অবশ্যই পর্যাপ্ত সময় দিতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন আফ্রিদি। তার সাথে অন্যান্যের মধ্যে আরো রয়েছেন আহমেদ শেহজাদ। কিন্তু বিশ্বকাপের পরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন একদিনের ক্রিকেটে আর ফেরার কোন সম্ভাবনাই নেই।

পাকিস্তানের হয়ে ৩৯৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি সদ্য সমাপ্ত বিশ্বকাপের পরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধুমাত্র টি-২০ ম্যাচ খেলবেন। তিনি জানিয়েছেন তার এখন একটাই লক্ষ্য টি-২০ দলটিকে শক্তিশালী করে তৈরীতে সহযোগিতা করা।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের শিরোপার দিকেই এখন তার সব গুরুত্ব। টি২০ স্কোয়াডে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং অধিনায়ক হিসেবে এই দলটিকে নিয়েই এখন তার সব ভাবনা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের বিষয়ে আফ্রিদী মোটেই চিন্তিত নন। সিরিজের একমাত্র টি২০ ম্যাচ জিতেই তিনি দেশে ফিরতে চান।