কলকাতার অভিনেতা পরমব্রত ঢাকাই ছবিতে কাজ করছেন এটা পুরোনো খবর। অনিমেষ আইচের নতুন ছবি ‘ভয়ংকর সুন্দর’-এর জন্য কাজ করছেন তিনি। এরই ভেতরে ঢাকার বাইরে কুয়াকাটা’সহ বেশ কিছু লোকেশনে শুটিং করেছেন তিনি। তবে আজ ঢাকাই কাজের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
ছবির নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘এখানে আমরা এফডিসিতে সেট ফেলে কাজ শুরু করবো। একটানা কাজ চলবে। এছাড়া এরই ভেতরে ছবির পুরো ইউনিট নিয়ে আমরা শুটিং-এর কাজ অনেকখানি এগিয়ে নিয়েছি।’
এদিকে ছবিতে পরমব্রত’র সাথে কাজ করছেন মডেল অভিনেত্রী ভাবনা। আজ আনুষ্ঠানিক ঘোষণা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘পরমব্রত দা’র সাথে আমাদের দারুণ কিছু কাজ এরই ভেতরে হয়ে গেছে। আশা করছি পুরো প্রডাকশনটি এদেশের দর্শকদের জন্য নতুন কিছু উপহার হিসেবে ধরা দেবে।’
এদিকে পরমব্রত’র সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দারুণ একটা ইউনিটের সাথে কাজ করছি। আজ ঢাকায় আনুষ্ঠানিক একটা ঘোষণা হবে, তবে আমরা পুরো ইউনিট এরই ভেতরে একটা পরিবারের মতো হয়ে গেছি। এবারই প্রথম ঢাকায় একটানা এতদিন কাজ করবো। আশা করছি ভালো কিছু সময় কাটবে ঢাকাবাসীর সাথে।’
