চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোকে ৬-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
এর আগে প্রথম লেগে পোর্তোর মাটিতে ৩-১ গোলে হেরে যায় বায়ার্ন। এতে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু মঙ্গলবারের ম্যাচে পোর্তোকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বায়ার্ন। ১৪তম মিনিটে গতিময় হেডে গোল করেন চিয়াগো আলকানতারা। ২২তম মিনিটে আরেকটি হেডে গোল করেন বায়ার্নের কেভিন প্রিন্স বোয়াটেং। এর পাঁচ মিনিট পর আবারো বায়ার্নের ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি। ৩৬তম মিনিটে দূরপাল্লার শটে টমাস মুলার গোল করার পর লেভানদোভস্কি ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
৭৩তম মিনিটে একমাত্র গোল করেন পোর্তোর মার্তিনেস। কিন্তু শেষ দিকে চাবি আলোনসো বায়ার্নের হয়ে ষষ্ঠ গোলটি করেন। দুই লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যায় বায়ার্ন।
