সাভারে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০০:১১

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পলক ও হাবিব নামে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভারে পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মোঃ সোহাগ (১৫)। সে পরিবারের সাথে পৌর এলাকার চাপাইন মহল্লার ইসমাইল হাজীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ এর ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো।

নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী আসিফ জানায়, বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে সিআরপির ভেতরে মেলায় ঘুরতে যাই। সন্ধ্যার দিকে মিঠু ও প্রান্ত মেলায় ঘুরতে আসে। এসময় মিঠু ও প্রান্ত সোহাগের সাথে দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে প্রান্ত বলে তুই নাকি আমাকে মারবি, এখন পারলে মার। কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠু একটি ছুরি বের করে সোহাগের পিঠে ঢুকিয়ে দেয়। এসময় সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে। তখন আমরা দৌড়ে ওর কাছে গেলে মিঠু ও প্রান্ত দৌড়ে পালিয়ে যায়। পরে আমরা সোহাগকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত প্রান্ত (১৭) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার চন্ডিপুর গ্রামের লিটন বাবুর ছেলে। সে চাপাইন এলাকার পরিবারের সাথে ভাড়া থেকে চাপাইন সরকারি মডেল স্কুলের নবম শ্রেণিতে পড়াশুনা করতো। তবে অপর অভিযুক্ত মিঠুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সোহেল রানা বলেন, স্কুলছাত্রের বুকের পিছন দিকে বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসাপাতালে আনার আগেই সে মারা গেছে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/আরকেজি