ছবিতে কত রূপেই না দেখা যায় নায়ক অনন্ত জলিলকে। অভিনয়ের পাশাপাশি গান গাইতে হয়, নাচতে হয়, মারপিট করতে হয় নায়ককে।
অনন্তের অভিনয়, ডায়ালগ দর্শককে সব সময় আনন্দ দেয়। তবে বাস্তবে কখনও গান গেয়েছেন এমনটা শোনা যায়নি। এবার নিউইয়র্কে টাইম টেলিভিশনের সেলিব্রেটি টকশোতে গান গেয়ে শোনালেন জনপ্রিয় এই নায়ক।
তিনদিনের ব্যবসায়িক সফরে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন অনন্ত জলিল। সেলিব্রেটি বলে কথা, তাই নিউইয়র্কের সাংবাদিকদের কাছে গোপন থাকেনি তার এই সফর।
সোমবার নিউইয়র্কের জনপ্রিয় বাংলা চ্যানেল টাইম টেলিভিশনের দুটি শো’তে অংশ নেন তিনি। সাংবাদিক আবু তাহেরের সঞ্চালনায় টাইম টকে জীবনের নানা দিক নিয়ে কথা বলেন তিনি। এরপরই একই চ্যানেলের সেলিব্রেটি টকশোকে অংশ নেন অনন্ত। সেটি উপস্থাপনা করেন সঙ্গীত শিল্পী বিউটি দাস। সেখানে মজার মজার অনেক কথার সাথে নিজেরই একটি ছবির গান দর্শকদের জন্য সামান্য গেয়ে শোনান অনন্ত জলিল।
আজই তিনি দেশে ফিরবেন। তবে নিউইয়র্ক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগস্টের প্রথম সপ্তাহে আবারও তার যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে তার।
