বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে হাসুরা বেগম (৩৪) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী নারীকে পিটিয়ে আহত করেছে (বিএসএফ) ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। গুরুতর আহত হাসুরাকে অজ্ঞান অবস্থায় ভ্যানে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বিজিবি ও পুলিশ তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
হাসুরার ছোট বোন তনু বেগম জানান, বুধবার সকালে তারা ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে পৌঁছায়। এ সময় পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের এসআই সুরেন্দ্র সিংহ কোন কারণ ছাড়াই হাসুরাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে পিটিয়ে জখম করে। নির্যাতনে হাসুরা অজ্ঞান হয়ে পড়লে বিএসএফ তাকে ভ্যানে করে বাংলাদেশে ফেরত পাঠায়। তার অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত হাসুরা যশোর শহরের চাচড়া ডাল মিল এলাকার জামাল শেখের স্ত্রী। তার পাসপোর্ট নাম্বার বিসি-০৬৩৬৪৮২।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশি এক নারী পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে আসার সময় বিএসএফ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, এ ঘটনায় বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
