তারা শুধু ডাকাতির জন্য আসেনি: ঢাকার ডিআইজি

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৭:০৫
 
শুধু ডাকাতির উদ্দেশ্যে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে হামলা করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। বুধবার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
 
নুরুজ্জামান বলেন, ডাকাতেরা যদি শুধু টাকা নিতে ব্যাংকে যেত তবে তাদের সাধারণত ভল্টে যাওয়ার কথা। কিন্তু তাঁরা ভল্টে যাননি। সেখান থেকে টাকা না নিয়ে প্রথমেই হত্যাকাণ্ড ঘটান। হামলায় ব্যবহূত বোমা-গ্রেনেড বিদেশি সরঞ্জাম দিয়ে তৈরি। বাজারে এসব অস্ত্র পাওয়া সম্ভব নয়।
 
তিনি বলেন, ধরা পড়া দুইজনের নাম বোরহান মিজান ও সাইফুল ইসলাম। সাইফুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দ্রবাজার গ্রামে ও বোরহানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার সংকরপাশা গ্রামে। বোরহান শিবির-কর্মী। তার পুরো পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সাইফুলের পরিচয়ের ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।