তিন সিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ২০:১৩
 
আগামী ২৮ এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর, দক্ষিন ও চট্টগ্রাম সিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে ২৮ এপ্রিল ভোট গণনা শেষ না হওয়ার পর্যন্ত তিন সিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে গতকাল বুধবার চিঠি দেয়া হয়েছে।
 
ইসি কার্যালয়ের উপ-সচিব মো:ইসরাইল আলম স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ভোটের আগের দিন কেন্দ্রগুলোতে মালামাল পাঠানোর কাজ শুরু হবে। এছাড়াও ভোটের দিন ভোট কেন্দ্র গুলোতে গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে হবে।
 
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানিয়েছেন, শুধু কেন্দ্রে নয় পুরো সিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে হবে। কেননা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে আলোর প্রয়োজন রয়েছে।
 
শাহ নেওয়াজ জানিয়েছেন, এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সুচারুরুপে দায়িত্ব পালন করতে পারে তাই এই নির্দেশ জারি করা হয়েছে। কোন এলাকায় বিদ্যুত্ চলে গেলে দুস্কৃতিকারীরা গন্ডগোল তৈরীর সুযোগ পেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দায়িত্ব পালনে অন্ধাকারের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে না পরে তা বিবেচনায় নিয়েই এই নির্দেশ দেয়া হয়েছে।