নাইকো মামলা বাতিলে খালেদার আবেদনের শুনানি শুরু

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৯:৫৪
 
নাইকো দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট।
 
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী শুনানি করেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা দায়ের করে দুদক।
 
২০০৮ সালের ৫ মে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়।
 
এরপরই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। ওই আবেদনের ওপর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। বর্তমানে ওই রুলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।